বিশেষ প্রতিনিধি: বাংলা টুডে
মাদক নির্মূলে পুলিশ বিভাগ বদ্ধপরিকর বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে পুলিশের সম্পৃক্ততা আরও বাড়ানো হবে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করার পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে যানবাহন, জনবল ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে জনগণের সেবায় পুলিশকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার আশ্বাস দেন তিনি।
জেলার অপরাধ পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হলে অপরাধ নিয়ন্ত্রণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা, অসংগতি ও অপরাধ দমনে করণীয় নিয়ে সাংবাদিকরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় মাদকের পাশাপাশি অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক অপরাধ, কিশোর গ্যাং, বিভিন্ন ধরনের চোর চক্র এবং সড়কে যানবাহনের নিরাপত্তাসহ নানা বিষয় আলোচনায় আসে।
এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাংবাদিক ওয়াজেদুল হকসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






