বিশেষ প্রতিনিধি: বাংলা টুডে
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ কয়েকজন মোটরসাইকেল আরোহী মিছিল বের করেন। মিছিলটি দ্রুতগতিতে টার্মিনাল এলাকার সামনে দিয়ে এগিয়ে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে সড়কে যান চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেন। এ সময় চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪), আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মনির হোসেন (৪৮)।
বনানী থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে মহাখালী এলাকায় জড়ো হচ্ছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় স্থানীয় জনতার গণপিটুনিতে আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর মহাখালী বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে।






