বিশেষ প্রতিনিধি- সুবীর
চট্টগ্রামঃ টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে কক্সবাজারগামী শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
০৮/০৭/২০২৬ইং তারিখ বুধবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মুরাদপুরের নিকটবর্তী এলাকায় রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলেই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।
রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, চট্টগ্রাম নগরের ষোলোশহর–জানালিহাট সেকশনের মধ্যবর্তী অংশে প্রায় দুই ফুট পানির নিচে রেললাইন তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পানি না কমায় বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনেই আটকে পড়ে। ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করতে পারেনি। পরে বিকেল ৪টায় ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই কারণে বুধবার সকালে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার নির্ধারিত সৈকত এক্সপ্রেস-এর যাত্রাও বাতিল করা হয়। এতে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
সৈকত এক্সপ্রেসের যাত্রী আহাদ চৌধুরী জানান, তিনি ও তাঁর ১৩ বন্ধু সিলেট ভ্রমণ শেষে ট্রেনে কক্সবাজার ফেরার পরিকল্পনা করেছিলেন। উদয়ন এক্সপ্রেসে চট্টগ্রাম এসে আগে থেকেই সৈকত এক্সপ্রেসের টিকিট কেটে রেখেছিলেন। কিন্তু ট্রেন বাতিলের বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা না থাকায় তারা বিপাকে পড়েন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাসে করে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে বিকেলে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকা প্রবাল এক্সপ্রেস-এর যাত্রাও অনিশ্চয়তার মুখে পড়েছে। সাধারণত সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে ফিরে এসে প্রবাল এক্সপ্রেস হিসেবে পুনরায় যাত্রা করে। কিন্তু রেললাইন পানির নিচে থাকায় সেই ট্রেন চলাচলের সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়েছে।
চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া ট্রেন চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজারে যাতায়াত করে। নিয়মিত চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। ট্রেন দুটি চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। তবে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় এসব ট্রেনের চলাচলও আপাতত বন্ধ রাখা হয়েছে।
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় রেললাইনের ওপর পানি উঠে যায়। বুধবার সকাল পর্যন্ত পানি না নামায় ট্রেন চলাচল স্থগিত রাখতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি নেমে রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু করা হবে।





