রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক- বাংলা টুডে
দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, ছিনতাই, হামলা ও ভাঙচুরের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
মাওলানা মামুনুল হক বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের অপরাধের ঘটনা ঘটছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এসব অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধের পুনরাবৃত্তি রোধ করা জরুরি।
এদিকে রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, পবিত্র ওমরাহ পালনে যাওয়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় সংঘাতসংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান শত্রু ইসরায়েল। ইসরায়েলকে শক্তিশালী করে—এমন সব ধরনের কার্যক্রম থেকে এ অঞ্চলের দেশগুলোকে বিরত থাকতে হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
বৈঠকে সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক ও মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবদুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি ও মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মোহাম্মদ ফয়সাল, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা উজাইর আমীন ও মাওলানা হেদায়াতুল্লাহ হাদিসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।





