চাকরির বিষয়ে তদবির-সুপারিশে কঠোর এনবিআর

ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে

ফোন কিংবা লোক পাঠিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা অসদাচরণ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

চাকরিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদবির ও সুপারিশের প্রবণতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারি কর্মকর্তাদের বদলি, পদায়নসহ চাকরির নানা বিষয়ে প্রভাব বিস্তারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে লোক পাঠানো কিংবা ফোন করার ঘটনাকে অসদাচরণ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সম্প্রতি এনবিআরের প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও সরকারি কর্মচারীদের আচরণবিধি যথাযথভাবে অনুসরণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এনবিআর এ পদক্ষেপ নিয়েছে।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, সরকারি কর্মচারীদের কেউ কেউ তাঁদের চাকরিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তিবর্গকে দপ্তরে পাঠাচ্ছেন। পাশাপাশি ফোন করেও তদবির বা সুপারিশ করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২০ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(ঘ) অনুযায়ী অসদাচরণের শামিল। ফলে চাকরিসংক্রান্ত বিষয়ে নিয়মবহির্ভূতভাবে তদবির কিংবা সুপারিশের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা বিধিবহির্ভূত হিসেবে বিবেচিত হবে।

এ অবস্থায় সরকারি কর্মচারীদের আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে এনবিআর। একই সঙ্গে এ ধরনের অনিয়ম ও অসদাচরণ প্রতিরোধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চাকরিসংক্রান্ত বিষয়ে তদবির ও অনৈতিক প্রভাব বিস্তারের প্রবণতা নিয়ন্ত্রণে এ নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে সরকারি দপ্তরে নিয়মতান্ত্রিক প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করা এবং চাকরিসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বিধিবিধানের যথাযথ প্রয়োগের সুযোগ তৈরি হবে।

শেয়ার করুন :

Check Also

পুলিশে বড় রদবদল, দুই দিনে বদলি ৯৬ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট- বাংলা টুডে ৭২ শিক্ষানবিশ এএসপিসহ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিদের নতুন কর্মস্থলে পদায়ন …