বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে
ডিবির অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার, অস্ত্র-ককটেল উদ্ধার
সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মো. নুরুল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর কাছ থেকে সেনাবাহিনী ও র্যাবের কর্মকর্তার পরিচয়ে ব্যবহৃত ভুয়া পরিচয়পত্র, সেনাবাহিনীর পোশাক, ওয়াকিটকি, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিসহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে রাজধানীর উত্তরার ভূইয়াবাড়ি বাঁশতলা সড়কের সানডে সোসাইটি আবাসিক এলাকার একটি বাড়ি থেকে ডিবির রমনা বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিবির এই কর্মকর্তা বলেন, নুরুল চৌধুরী কখনো ‘মেজর আল মামুন’, কখনো ‘কর্নেল নাজিম’ আবার কখনো ‘মেজর তানভীর’ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। সেনাবাহিনীতে সৈনিক, রাঁধুনি, পিয়ন ও বাবুর্চিসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা নিতেন তিনি।
নুরুলের প্রতারণার অন্যতম লক্ষ্য ছিল বেকার যুবক, রিকশাচালক, শ্রমিক ও দিনমজুরসহ নিম্নআয়ের মানুষ। প্রতারণার মাধ্যমে নিজেদের বিশ্বাসযোগ্য করে তুলতে চক্রটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম ও পরিচয়পত্র ব্যবহার করত। পাশাপাশি সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি এবং বিভিন্ন বাহিনীর পোশাক ব্যবহার করেও চাকরিপ্রত্যাশীদের বিশ্বাস অর্জনের চেষ্টা করত।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে শফিকুল ইসলাম বলেন, নুরুল তাঁর সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছিলেন। কখনো পুলিশের এসবি ও ডিবির সদস্য, আবার কখনো ‘পুলিশ সুপার তারিকুর রহমান’ পরিচয় দিয়েও প্রতারণা করা হতো।
গ্রেপ্তারের সময় নুরুলের কাছ থেকে দুটি ওয়াকিটকি, দুই সেট ওয়াকিটকি চার্জার, একটি ভুয়া পাসপোর্ট, সেনাবাহিনীর মেজর পরিচয়যুক্ত ভুয়া পরিচয়পত্র, র্যাবের কর্নেল পদমর্যাদার উপপরিচালক পরিচয়যুক্ত ভুয়া পরিচয়পত্র, তিনটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, সেনাবাহিনীর ১০টি পোশাক, সেনাবাহিনীর চিকিৎসা বই, বিভিন্ন ফরম ও প্যাড উদ্ধার করা হয়।
এ ছাড়া সেনাবাহিনীর মেজর ও পুলিশ সুপার পরিচয়যুক্ত পোশাক পরিহিত পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির আবেদন ফরমও উদ্ধার করেছে ডিবি।
ডিবি জানিয়েছে, নুরুল চৌধুরীর বিরুদ্ধে শাহ আলী থানায় একটি মামলা রয়েছে। তাঁর সঙ্গে প্রতারণায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-ককটেলসহ চারজন গ্রেপ্তার
অন্যদিকে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবির গুলশান বিভাগ। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাকিব (৩২), রাশেদুল হাওলাদার (২৭), জুবায়ের ইসলাম (৪০) এবং বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)।
ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, ছয় সদস্যের একটি ডাকাত দল ওই বাসায় স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় দলের অপর দুই সদস্য পালিয়ে যান।

একটি বাসায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।
ডাকাতির আগে দলটি ওই এলাকায় রেকি করে গিয়েছিল বলেও জানিয়েছে ডিবি।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি কার্ড উদ্ধার করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক দুই সদস্যকে গ্রেপ্তারেও অভিযান চালানো হচ্ছে।






