অক্টোবরে নতুন পে স্কেলে বেতন, বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

বিশেষ প্রতিনিধি- বাংলা টুডে

এমপিও শিক্ষকদের প্রজ্ঞাপন কবে, এখনো অনিশ্চয়তা

নবম জাতীয় পে স্কেলের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। নতুন বেতন কাঠামো অনুযায়ী অক্টোবর মাসের বেতন পাওয়ার কথা রয়েছে তাঁদের। এর সঙ্গে যোগ হবে গত তিন মাসের বকেয়া বেতনও। তবে একই সময়ে নতুন বেতন কাঠামোর সুবিধা থেকে এখনো অনিশ্চয়তায় রয়েছেন দেশের ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করতে পৃথক প্রজ্ঞাপন জারির কথা বলা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

এদিকে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে দীর্ঘদিন ধরে সরব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন, ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মৌলিক চাহিদা পূরণে নবম জাতীয় পে স্কেলের সঙ্গে তাঁদের জন্যও দ্রুত প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন প্রক্রিয়া এখনো অনেক ক্ষেত্রে প্রচলিত বা হাতে-কলমে পদ্ধতিতে পরিচালিত হওয়ায় প্রজ্ঞাপন জারিতে সময় লাগছে। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বেতন হিসাবের প্রক্রিয়া তুলনামূলক জটিল হওয়ায় নতুন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোর আওতায় বেতন দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে পৃথক গেজেট জারির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে মৌখিক আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত সেই আলোচনা আনুষ্ঠানিক কার্যক্রমে রূপ নেয়নি।

দেশে বর্তমানে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখের মতো এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠানের নিজস্ব আয় তুলনামূলক বেশি হওয়ায় তারা সরকারি অর্থের বাইরে অতিরিক্ত অর্থ দিয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার সক্ষমতা রাখে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের সে সক্ষমতা নেই। ফলে নতুন পে স্কেলে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন বিলম্বিত হওয়ায় বড় একটি অংশের শিক্ষক-কর্মচারীর মধ্যে অপেক্ষা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শেয়ার করুন :

Check Also

পালাতে থাকা ব্যক্তিকে ধরতে গিয়ে বাসের ধাক্কা, পুলিশ সদস্যের মৃত্যু

বিশেষ প্রতিনিধি- সুবীর পাল ওয়াসা মোড়ে মোটরসাইকেলসহ ১০০ ফুট টেনে নিল বাস, চালক-সহকারী গ্রেপ্তার চট্টগ্রাম …